অপেক্ষা; ঢাকা শহরের নিঃশব্দ গল্প
ঢাকা শহর; শহরটা প্রতিদিনই শব্দে ভরে ওঠে। প্রতিদিনই শহরটা শব্দে ভরে ওঠে গাড়ির কর্কশ হর্ণে, বাজারের হাঁকডাকে, মানুষের নিরন্তর ছুটোছুটিতে। অথচ এই শব্দের ভেতরে কত শত জীবন নিস্তব্ধ। এই শহরের অক্টোবরে আকাশে ভেসে বেড়ায় শিউলি ফুলের গন্ধ। দূরে কোথাও ঝাপসা হয়ে আসে ধ্বনি, আর পথগুলো ঢেকে যায় ধূলোর আস্তরণে। এই শহরের সব দুঃখরা আমাকে দিয়েছে আশ্রয়, যেন এক অদৃশ্য কারাগার।
নিস্তব্দ জীবনের কর্ণধারী একজন মাসুদ, জানালার পাশে বসে থাকে। টেবিলে ছড়িয়ে থাকা বই, পুরোনো নোট আর চাকরির বিজ্ঞপ্তি কেটে রাখা কাগজগুলো তার চোখে ঝাপসা হয়ে ওঠে। যত ডিগ্রি-পড়াশোনা সবই কাগজে বন্দি। চাকরির প্রতিযোগিতার ভিড়ে সে কেবল একটি নামহীন মুখ।
বন্ধুরা বাইরে ঘুরেছে, প্রেম করেছে, হাসি-আনন্দে মেতেছে। মাসুদ তাকায়ওনি সেদিকে। তার কাছে একটাই লক্ষ্য ছিল তা জীবনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়া। কিন্তু এখন?
দিনের পর দিন তার ঘরে শুধু ফ্যানের একঘেয়ে শব্দ। বাইরের শহর আলো-আঁধারিতে বেঁচে থাকে, অথচ চার দেয়ালের মধ্যে জমে ওঠে নিস্তব্ধতা। মাঝে মাঝে মনে হয়, সেই শব্দটুকুই যেন তার ভেতরের প্রতিধ্বনি, কেবলমাত্র অবিরাম ঘুরছে, কিন্তু গন্তব্যহীন , যেন এক গোলকধাঁধা কেবল, আর একটু পথ গেলেই মুক্তি ।
রাতে ছাদে উঠে আকাশের দিকে তাকায় সে। আকাশে ছড়িয়ে থাকা তারা যেন সব গন্তব্যের পথ চেনে, অথচ মাসুদের জীবন আটকে আছে সেই গোলকধাঁধায়। তার বুকের ভেতর প্রশ্ন জমে “এত ত্যাগ, তিতিক্ষা আর এত এতো পড়াশোনা আর শেষে কি এই শূন্যতাই নাম হবে তার জীবনের?”
কোনো উত্তর আসে না। বাতাসে ভেসে আসে কেবল শিউলির গন্ধ, আর মাসুদ বুঝতে পারে তার জীবনের নামই এখন এক দীর্ঘ অপেক্ষা।
Keywords: ঢাকা শহর গল্প, বাংলা ছোটগল্প, জীবন সংগ্রাম, বেকারত্ব, অনুপ্রেরণামূলক গল্প, Dhaka city story, Bangla short story, emotional story, life struggle, waiting story

Leave a Comment
Sign in with an allowed account, write your comment and publish it here.